সোনারগাঁয়ে পানাম নগরী পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত প্রাচীন ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে দূতাবাসের একটি প্রতিনিধি দল সঙ্গে নিয়ে তিনি এসব প্রাচীন ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখেন। সংক্ষিপ্ত এই সফরে তিনি কারুপল্লীতে অবস্থিত ঐতিহ্যবাহী জামদানি পল্লী ঘুরে দেখেন এবং বাংলার লোকশিল্পের ভূয়সী প্রশংসা করেন।
সফরসূচি অনুযায়ী মার্কিন রাষ্ট্রদূত সকাল সাড়ে ৮টায় প্রথমে ঐতিহাসিক পানাম নগরীতে পৌঁছান। সেখানে তিনি প্রাচীন নগরী সোনারগাঁয়ের ঐতিহাসিক স্থাপত্যশৈলী অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে সকাল ৯টার দিকে তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে যান। রাষ্ট্রদূতের সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস, তদন্তকারী শেখ শিবলী এবং ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন। এ সময় সোনারগাঁ থানা পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম জানান, মার্কিন রাষ্ট্রদূত জামদানি পল্লী ঘুরে কারুশিল্পীদের নিখুত বুনন শৈলী প্রত্যক্ষ করেন। হস্তশিল্পীদের হাতে তৈরি ঐতিহ্যবাহী জামদানির কারুকাজ দেখে তিনি মুগ্ধতা প্রকাশ করেন। সময় স্বল্প থাকায় তিনি বড় সরদারবাড়ি ও জাদুঘরের মূল ভবনে যেতে না পারলেও ভবিষ্যতে পুনরায় আসার ইচ্ছা প্রকাশ করেছেন।
এটি মূলত তার পারিবারিক সফর ছিল এবং পানাম নগরীর সার্বিক পরিবেশ নিয়ে তিনি সন্তোশ প্রকাশ করেছেন। পরিদর্শন শেষে রাষ্ট্রদূত ও তার সফর সঙ্গীরা ঢাকায় ফিরে যায়। ঐতিহাসিক সোনারগাঁয়ের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে এমন সফর ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রাচীন স্থাপত্যের রক্ষণাবেক্ষণ ও ঐতিহ্য সুরক্ষায় এ ধরনের পরিদর্শন অত্যন্ত অর্থবহ।
ভোরের আকাশ/আ.র