নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১২

নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ দুইজন নিহত হয়েছে। এঘটনায় বর কনেসহ অন্তত ১২ জন আহত হয় । শনিবার (১৭ জুলাই) ভোর ৩ টার দিকে কিশোরগঞ্জ - টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের ৭ মাস বয়সী ছেলে জীবন ইসলাম ও মোজা মিয়ার ছেলে রিয়াদ ইসলাম (১৮)। এইচএসসি পরিক্ষার্থী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জুলাই) রাতে সদর উপজেলার কচুকাটা বন্দরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোরছালিনের সঙ্গে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেশবা গ্রামের শরিফ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয়। বিয়ে শেষে বরযাত্রী কনেকে নিয়ে মাইক্রোবাস যোগে বাড়ি ফিরছিল।
মাইক্রোবাসে ১৪ জন ছিল। রাত ৩ টার দিকে শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময়ে মাইক্রোবাসে থাকা বর কনেসহ অন্তত ১৪ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত্যু ঘোষণা করেন। এঘটনায় ১২ জনকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীল রতন দেব বলেন, রাতে ১৪ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার পরে দুইজনকে মৃত্যু ঘোষণা করা হয়েছে এবং ১২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, আইনী প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/ইউএম