হবিগঞ্জে ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

হবিগঞ্জের চুনারুঘাটে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চুনারুঘাট-সাতছড়ি সড়কের সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন চানপুর বাগান এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ইজিবাইকের আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন—চুনারুঘাট উপজেলার হলহলিয়া গ্রামের আলী আজগর খানের ছেলে মুহাদ্দিস খান (২০) এবং একই উপজেলার সতং গ্রামের শেখ কাইয়ুম মিয়ার ছেলে শেখ নয়ন মিয়া (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে মুহাদ্দিস ও নয়ন মোটরসাইকেলে করে সাতছড়ি জাতীয় উদ্যান এলাকার দিকে যাচ্ছিলেন। চুনারুঘাট-সাতছড়ি সড়কের চানপুর বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। এ সময় আহত ইজিবাইকের দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পর্যটন কেন্দ্র হওয়ায় চুনারুঘাটের এই সাতছড়ি জাতীয় উদ্যান এলাকাটি এখন সড়ক দুর্ঘটনার 'হটস্পট' হয়ে উঠেছে এবং প্রায় প্রতি মাসেই এখানে প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। এর আগে, গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন চাকলা এলাকার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে আরেকটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই দুলাল দেব নামের এক ব্যক্তির মৃত্যু হয়।
এলাকাবাসীর দাবি, একের পর এক দুর্ঘটনা ঘটলেও স্পিড ব্রেকার (গতি রোধক) নির্মাণ বা ট্রাফিক নির্দেশনার মতো প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। গতি নিয়ন্ত্রণ বা ট্রাফিক নির্দেশনার বিষয়ে কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভ ও চরম আতঙ্ক বিরাজ করছে এবং তারা অনতিবিলম্বে প্রশাসনের জোরালো পদক্ষেপ দাবি করছেন।
ভোরের আকাশ/আ.র