সরকার গ্যাস-বিদ্যুৎ সংকট উত্তরাধিকার সূত্রে পেয়েছে: মীর শাহে আলম

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বর্তমান সরকারকে চার বছর সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া সংকট নিরসনে সরকার কাজ করছে। চার বছর পর সরকার কোথায় ব্যর্থ হয়েছে, তা মূল্যায়ন করা যেতে পারে।
সার সংকট নিয়ে প্রতিমন্ত্রী অভিযোগ করেন, যেসব জেলায় একটি দল ‘বেহেশতের টিকিট’ বিক্রি করে জনগণকে ধোঁকা দিয়ে ভোটে নির্বাচিত হয়েছে, সেসব এলাকায় কৃত্রিমভাবে সারের সংকট সৃষ্টি করা হয়েছে।
মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি তাঁদের খোঁজখবর নেন।
শহীদ আবু সাঈদের অবদানের কথা স্মরণ করে মীর শাহে আলম বলেন, শহীদ আবু সাঈদের অবদান শুধু ইতিহাস নয়, বরং সবার জন্য অনুপ্রেরণা। তাঁর বাবা-মা গর্বিত বাবা-মা। শহীদ আবু সাঈদ দেশের সম্পদ ও গণঅভ্যুত্থানের বীর সৈনিক।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে শহীদ আবু সাঈদের বাড়ি নির্মাণ ও কবরের সৌন্দর্যবর্ধনের জন্য আবু সাঈদ ফাউন্ডেশনে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, পীরগঞ্জসহ অবহেলিত এলাকাগুলোকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে সরকার কাজ করছে। উন্নয়ন কর্মকাণ্ডে কে নির্বাচিত হয়েছেন, আর কে হননি, তা বিবেচনা করা হবে না।
ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, এটি প্রধানমন্ত্রীর একটি কর্মসূচি। দেশের কোনো পরিবারই এ কর্মসূচি থেকে বাদ পড়বে না। এ সময় ফ্যামিলি কার্ড নিয়ে বিরোধী দলের সমালোচনাও করেন তিনি। দেশের মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বেতনের ব্যবস্থা করা হয়েছে বলেও দাবি করেন প্রতিমন্ত্রী।
অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে মীর শাহে আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের জন্য কাজ করেনি, বরং শুধু দায়ভার পরবর্তী সরকারের ওপর দিয়ে গেছে। বর্তমান সরকার সংকটপূর্ণ অবস্থায় দেশ পেয়েছে।
কবর জিয়ারত শেষে ফেরার পথে পীরগঞ্জ পৌরসভার তিনটি বেসরকারি স্কুল ও কলেজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরে দুপুরে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে বড়দরগাহ-ভেন্ডাবাড়ি আঞ্চলিক সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী, রংপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশসহ বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা এবং সরকারি কর্মকর্তারা।
ভোরের আকাশ/সু.পা