বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ছাগল বিতরণ

অসহায় ও স্বাবলম্বী হতে আগ্রহী মানুষের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে নগরীর হোসাইনিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে উপকারভোগীদের মাঝে ১৮টি ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
সভাপতির বক্তব্যে মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, মানুষের কল্যাণে কাজ করা এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো জামায়াতে ইসলামীর অন্যতম লক্ষ্য। শুধু সাময়িক সহায়তা নয়, মানুষের জন্য স্থায়ীভাবে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য। এরই ধারাবাহিকতায় উপকারভোগীদের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে।
তিনি উপকারভোগীদের ছাগলগুলো যথাযথভাবে লালন-পালন করে বংশবৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে পরিবারের আয়ের উৎস হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মাওলানা বাবর আরও বলেন, জামায়াতে ইসলামীর উদ্যোগে বিভিন্ন সময়ে সেলাই মেশিন ও গবাদিপশু বিতরণের মাধ্যমে মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। একজন মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া হলে তা তার পরিবার ও সমাজের জন্য দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনে।
বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. শামীম কবির, মাওলানা হাবিবুর রহমান, বরিশাল সদর উপজেলা আমীর মাওলানা শফিউল্লাহ তালুকদার, কাউনিয়া থানা আমীর মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ছাগল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ভোরের আকাশ/ এনউব