নিটারে ১৮ শিক্ষার্থীকে মারধর,থাপ্পড়ে ফাটল কানের পর্দা; নাক দিয়ে ঝরল রক্ত

ঢাকার সাভারে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটে (নিটার) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথম বর্ষের ১৮ শিক্ষার্থীকে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে জ্যেষ্ঠ শিক্ষার্থীদের বিরুদ্ধে। এ ঘটনায় এক শিক্ষার্থীর কানের পর্দা ফেটে যাওয়ার অভিযোগ উঠেছে। অন্য এক শিক্ষার্থীর নাক দিয়ে রক্তপাত হয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন বলে অভিযোগ করেছেন।
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) ১৫তম ব্যাচের সাধারণ শিক্ষার্থীবৃন্দ এ অভিযোগ করেন।
এর আগে গত ১১ নভেম্বর সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোস্টেলের তৃতীয় তলার ৩০৭ নম্বর কক্ষে এবং পাশের করিডরে এ নির্যাতনের ঘটনা ঘটে বলে ভুক্তভোগী শিক্ষার্থীরা জানিয়েছেন।
অভিযুক্তরা হলেন বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের টেক্সটাইল বিভাগের শিমুল, শুভ, সাগর শিকদার ও প্রান্ত এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অমর্ত্য ও তানভীর। অন্যদিকে ভুক্তভোগীরা ১৫তম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থী।
ভুক্তভোগীদের অভিযোগ, মারধরের সময় হাতের আঙুলের ফাঁকে সিলস্ট্যাম্প ও পয়সা ঢুকিয়ে চাপ প্রয়োগ করে নির্যাতন করা হয়। এ ছাড়া এলোপাতাড়ি চড়-থাপ্পড়, কিল-ঘুষি মারা হয়। এতে কয়েকজনের শরীরে নীলাফুলা জখম হয়।
নির্যাতনের শিকার শিক্ষার্থী নাফিস ইকবাল নিজের ওপর চালানো নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘আমি রুমে ঢুকে পরিচয় দিই। তারা জিজ্ঞেস করে, কী হয়েছে? আমি কিছু বলার আগেই কানের ওপর থাপ্পড় মারতে শুরু করে। টানা থাপ্পড় দিতে থাকে। আমি দুই হাত জোড় করে বলেছি, আমাকে ছেড়ে দেন, মাফ করে দেন। তারপরও মুখে ও মাথায় থাপ্পড় মারছিল।’
তিনি আরও বলেন, ‘একপর্যায়ে আমি বলেছি, ভাই আমি আর পড়াশোনা করব না। আমি নিটার ছেড়ে দেবো। আজকেই ভর্তি বাতিল করাবো, বাড়ি চলে যাবো। আর পড়ব না। তারপরও মারা থামায়নি।’
ভুক্তভোগী আরেক শিক্ষার্থী রাম রুপম বলেন, ‘আমি পুরো ঘটনা কিছুই জানতাম না। আমাকে ডেকেছে, আমি গেছি। যাওয়ার পরপরই কোনো কিছু জিজ্ঞেস না করেই আমাকে থাপ্পড় দিতে থাকে। কানে এলোপাতাড়ি থাপ্পড় মারার একপর্যায়ে আমার কানের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমি সেখানে বসেই কাতরাতে শুরু করি।’
তিনি আরও বলেন, ‘সিনিয়র ভাইরা কোনো বাছবিচার ছাড়াই আমাদের নির্মমভাবে মেরেছেন। কানের পর্দা ফেটে গেছে। এখন আতঙ্কে দিন কাটছে। আমার কান আর ঠিক হবে কি না, তা নিয়েও চিন্তায় আছি। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, গত অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের একটি আয়োজনের কার্যক্রম নিয়ে ১৬তম ব্যাচের নিলয় নামে এক শিক্ষার্থীকে ফোন করেন ১২তম ব্যাচের শিক্ষার্থী অমর্ত্য। এ বিষয়ে ১৫তম ব্যাচের আরেক শিক্ষার্থী নিলয়কে ফোনদাতা সম্পর্কে জানতে চান। বিষয়টি অমর্ত্যের নজরে এলে গত ৪ নভেম্বর ছাত্র হোস্টেলে রাম রুপম ও মোস্তাকিম বিল্লাহকে ডেকে জিজ্ঞাসাবাদ এবং মারধর করা হয়। ওই ঘটনার পর রাম রুপমের কানে ব্যথা ও পানি বের হওয়ার সমস্যা দেখা দেয়। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।
এর প্রায় এক সপ্তাহ পর, ১১ নভেম্বর একই বিষয়কে কেন্দ্র করে রাম রুপম, নাফিস ইকবাল ও মোস্তাকিম বিল্লাহকে ছাত্র হোস্টেলের ৩০৭ নম্বর কক্ষে ডেকে নেওয়া হয়। সেখানে দীর্ঘ সময় আটকে রেখে জিজ্ঞাসাবাদ ও মারধর করা হয় বলে অভিযোগ করেন তারা।
দীর্ঘ সময়েও ওই তিন শিক্ষার্থী ফিরে না আসায় অন্য সহপাঠীরা তাদের খোঁজ করতে গেলে আরও ১৫ শিক্ষার্থীকে ডেকে নেওয়া হয়। পরে তাদের পাশের করিডরে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন টেক্সটাইল বিভাগের সাদমান সাকিব, মোস্তাকিম বিল্লাহ, নাফিস ইকবাল, আদর, রিশাদ, তাওসিফ, সিফাত, শাওন ও লাবিব; সিএসই বিভাগের রাম রুপম, যুবরাজ ও সাদ আব্দুল্লাহ এবং আইপিই বিভাগের নেহাল, শাফিন আনজিব ও শিহাব।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে নির্যাতনে অংশ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
নিটারের প্রক্টর মোহাম্মদ ফতেহ আলী খান পান্নী বলেন, ‘এ ঘটনায় আমরা লিখিত অভিযোগ পেয়েছি। উভয় পক্ষের বক্তব্য শুনে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
নিটারের পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানা বলেন, আমি বিষয়টি শুনেছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিটারে এ ধরনের কাজের কোনো সুযোগ নেই।
ভোরের আকাশ/ এনউব