সাঘাটায় ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধা নিহত

গাইবান্ধার সাঘাটায় পাথরভর্তি একটি ট্রাক্টরের ধাক্কায় রেনু বালা (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল পৌনে ৯ টার দিকে উপজেলার ভরতখালি ইউনিয়নের দক্ষিণ উল্লা-মাঝিপাড়া সড়কের সরু ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত রেনু বালা উপজেলার দক্ষিণ উল্লা (মাঝিপাড়া) গ্রামের সিমন্ত চন্দ্র দাসের স্ত্রী।
স্থানীয়রা জানায়, ওইসময় সড়ক দিয়ে হেঁটে চলছিলেন রেনু বালা। এরই মধ্যে সরু ব্রিজ এলাকায় একটি পাথর বোঝাই ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রেনু বালাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ভরতখালি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জলিল সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। ঘটনাটি সমাধানের চেষ্টা চলছে।
সাঘাটা থানার ওসি বাদশাহ আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার প্রাথমিক তদন্ত চলছে।
ভোরের আকাশ/জাআ