ব্রাহ্মণবাড়িয়ায় দোকানে মিললো ১৭২ বস্তা সরকারি চাল

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দোকান থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৭২ বস্তা চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের মহাখালপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। এসময় দোকান থেকে দুই শ্রমিককে আটক করে পুলিশ।
আটক দুই শ্রমিকের নাম কামাল মিয়া (৪০) ও জুয়েল মিয়া (৩৮)। দুজনই উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের বাসিন্দা। এসময় অন্যরা পালিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, সরকার সম্প্রতি হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য বিশেষ কার্ডের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে। নাসিরনগরে প্রায় ১১ হাজার উপকারভোগীর জন্য এ চাল বরাদ্দ রয়েছে। তবে চাল বিতরণ শুরুর আগেই সরকারি সিলমোহরযুক্ত ১৭২ বস্তা চাল এবং আরও কিছু সরকারি খালি বস্তা স্থানীয় মোতাহার মিয়া ও রহমত আলীর দোকান থেকে উদ্ধার করা হয়। এসব বস্তায় ৫০ কেজি এবং ২৫ কেজি করে চাল ছিল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন 'দৈনিক ভোরের আকাশ' পত্রিকার জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম সুমনকে মুঠোফোনে ১৭২ বস্তা চাল জব্দের কথা জানিয়ে বলেন, 'চালগুলো সরকারি। সেগুলো উদ্ধার করে উপজেলা কার্যালয়ের একটি কক্ষে রাখা হয়েছে।'
ভোরের আকাশ/জাআ