ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস পালিত, ৭ উদ্যোক্তাকে ঋণের চেক প্রদান

যুবসমাজের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে উৎসাহ দিতে দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সম্মাননা স্মারক ও যুব উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এফ কে এম আনিসুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিন।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, সহকারী প্রোগ্রামার মো. নাজিমুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মোকাররম হোসেন ও জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সংগঠক কাজী আবু সায়াদ চৌধুরীসহ অনেকে।
অনুষ্ঠানে সফল আত্মকর্মী হিসেবে মহাসিনা খাতুন এবং ঘুঘুড়া যুব উন্নয়ন সংগঠনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। পাশাপাশি সাতজন যুব উদ্যোক্তার হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়।
ভোরের আকাশ/সু.পা