টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ, পুলিশের গাড়িতে আগুন, ৩০ কারখানা বন্ধ

গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অন্তত দুই কিলোমিটার এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
বুধবার(১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালের সামনে থেকে ভোগড়া পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান নেন।
পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় অন্তত ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। এরপর গাছা, বোর্ড বাজার, বড়বাড়ী ও তারগাছ এলাকায় হাজারো শ্রমিক বিক্ষোভ শুরু করেন।
পুলিশের ট্রাফিক বিভাগের পরিদর্শক শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে টঙ্গীর ইম্পেরিয়াল হাসপাতালের সামনে থেকে ভোগড়া পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।’
এর আগে হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরবর্তীতে তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার বেলায়েত হোসেন ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
যোগাযোগ করা হলে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে সকাল থেকে বোর্ড বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকেরা আন্দোলন করছেন। কিছুক্ষণ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। তবে শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ায় ধীরগতি রয়েছে।’
‘পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে প্রায় ৩০টি পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে,’ বলেন তিনি।
ভোরের আকাশ/ এনউব