রাজবাড়ীতে ইজিবাইক পানিতে পড়ে শিশুর মৃত্যু

রাজবাড়ী পাংশার বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর গ্রামে সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইজিবাইক খাদে পড়ে আরিফ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত আরিফ ওই ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের নিজাম প্রামাণিকের ছেলে।
বাবা -মা ঢাকাতে চাকরি করায় সে পার্শ্ববর্তী তারাপুর গ্রামে নানা আমজাদ মণ্ডলের বাড়িতে থাকতো।
স্থানীয়দের সূত্রে জানা যায়, তারাপুর গোরস্তান সংলগ্ন শিশুটির নানা বাড়ির সামনে নানা আমজাদ প্রামাণিকের একটি বিচেলী (খর) বিক্রয়কারী দোকান রয়েছে।
সোমবার সন্ধ্যার দিকে বাহাদুপুর থেকে হাবাসপুরগামী একটি অটো গাড়ি বিচেলী (খর) কেনার জন্য ওখানে এসে থামে। এসময় শিশুটি নানার দোকানেই ছিল।
অটো চালক অটোর স্ট্রাট অফ করে চাবি রেখেই বিচেলী কিনতে ব্যস্ত হয়ে পরে। এরই কোন এক ফাঁকে সকলের অগোচরে শিশুটি অটোতে উঠে স্ট্রাট দিলে অটোটি কয়েক গজ সামনে এগিয়ে রাস্তার পার্শ্ববর্তী খাদে গিয়ে উলটে পড়ে।
অটো পড়ে যেতে দেখে চালক সহ স্থানীয়রা দ্রুত এসে অটাটি উদ্ধার করে। এসময় শিশুটিকে খুঁজে না পাওয়ায় সন্দেহ হলে স্থানীয়রা খাদের পানিতে তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ভোরের আকাশ/মো.আ.