টাঙ্গাইলে উদ্ধার বন বিভাগের জমিতে বৃক্ষরোপণের উদ্যোগ

টাঙ্গাইলের সখীপুরে বন বিভাগের উদ্ধার হওয়া ১৩ একর জমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ করা হচ্ছে। মঙ্গলবার(২৪ জুন) বেলা ১১টায় সখীপুর বহেড়াতৈল ইউনিয়নের বগা প্রতিমা এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন সখীপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা মো: ইমরান হোসেন, সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম ভূইয়া প্রমূখ।
বনবিভাগ সূত্রে জানা যায়, সখীপুর উপজেলার বহেড়াতৈল রেঞ্জের অধীনে এমএম চালা বীট এলাকার বন আইনের ২০ ধারা অনুযায়ী সংরক্ষিত বনের প্রায় ১৩ একর জমি গত ৩১ মে বন বিভাগ যৌথ বাহিনীর সহায়তায় অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে। মঙ্গলবার বন বিভাগ যৌথ বাহিনীর সহায়তায় প্রায় দুই শত শ্রমিক নিয়ে ওই জমিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন শুরু করে।
সখীপুর এমএম চালা বিট কর্মকর্তা মো: রুমিউজ্জামান রুমি বলেন, দীর্ঘদিন ধরে জমি গুলো অবৈধ দখলে ছিল এ গুলো ২০ ধারায় গেজেট ভূক্ত সংরক্ষিত বনের জমি। এই জমিতে বন অধিদপ্তরে নির্দেশনায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনায়নের কাজ শুরু করা হয়েছে। সংরক্ষিত বনভূমি উদ্ধার করে বনায়নের এ কাজ চলমান থাকবে।
সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রনী বলেন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী,পুলিশ ও বন বিভাগের অভিযানে উদ্ধারকৃত ১৩ একর জমিতে ১১ হাজার বিভিন্ন বনজ ও ফলজের চারা রোপণ করা হবে।
ভোরের আকাশ/আজাসা