ব্রাহ্মণবাড়িয়ায় রথযাত্রা নিরাপত্তায় সমন্বয় সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার (১৬ জুলাই) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা এবং ২৪ জুলাই (শুক্রবার) উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বুধবার পুলিশ সুপার কার্যালয়ে রথযাত্রা আয়োজনকারী জেলা পূঁজা উদযাপন কমিটি এবং থানা পর্যায়ের বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে রথযাত্রা উপলক্ষ্যে নিরাপত্তা সংক্রান্ত একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন- শাহ্ মো. আব্দুর রউফ, পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া।
উক্ত সমন্বয় সভায় আসন্ন রথযাত্রা নির্বিঘ্নে এবং উৎসব মুখর পরিবেশে পালন করার জন্য সনাতন সম্প্রদায়ের নেতৃবৃ্ন্দ জেলা পুলিশের সহযোগিতা কামনা করেন। নেতৃবৃন্দ রথযাত্রা এবং উল্টো রথযাত্রার গমনাগমন যাতে শান্তিপূর্ণ, নিরাপদ এবং যানজট মুক্ত হয় তার জন্য পুলিশ সুপারের নিকট আবেদন জানান।
পুলিশ সুপার সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দকে রথযাত্রায় জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ও ট্রাফিক সংক্রান্ত বিষয়ে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি তিনি রথযাত্রা আয়োজনকারী কর্তৃপক্ষকে সহিষ্ণুতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসব পালন এবং নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা ৬টার মধ্যে রথযাত্রার সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করার জন্য অনুরোধ জানান।
সমন্বয় সভায় জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এনউব