ক্যাম্পের বন্দিজীবন আর নয়, নিজ দেশে ফিরতে চান রোহিঙ্গারা

ক্যাম্পের অস্থায়ী ঘরে আর কত দিন? নিজের দেশ, নিজের ভিটেমাটি আর পরিচয় নিয়ে স্বাভাবিক জীবনে ফেরার আকাঙ্ক্ষা রোহিঙ্গাদের বহুদিনের। দীর্ঘ নির্বাসন, অনিশ্চয়তা আর বন্দিজীবনের অবসান চান তারা। এবার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর সেই প্রত্যাশা নতুন করে জোরালো হয়েছে। তাদের একটাই চাওয়া নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকারের নিশ্চয়তা নিয়ে ফিরতে চান নিজ দেশে।
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আইসিজের রায়ের পরদিন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে নিজেদের এই আকুতির কথা তুলে ধরেন রোহিঙ্গারা।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে পৌঁছান খলিলুর রহমান। সেখানে তাকে স্বাগত জানান রোহিঙ্গারা। সফরকালে তিনি আশ্রয়শিবিরের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দীর্ঘদিনের দুর্ভোগ, নিরাপত্তাহীনতা ও দেশে ফেরার আকাঙ্ক্ষার কথা শোনেন।
ক্যাম্প পরিদর্শনকালে খলিলুর রহমান বলেন, সকালে আমি একটি বিশেষ সময়ে, বিশেষ দিনে এবং ঐতিহাসিক মুহূর্তে ক্যাম্পে এসেছি। বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা সংঘটনের বিষয়ে রায় দিয়েছেন। আদালতের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ঘটনা।
আইসিজের এই রায় রোহিঙ্গাদের কাছে কেবল বিচার পাওয়ার প্রত্যাশা নয়, বরং দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া অধিকার ফিরে পাওয়ার স্বপ্নও। তাদের বিশ্বাস, আন্তর্জাতিক আদালতের এই পদক্ষেপ মিয়ানমারের ওপর চাপ বাড়াবে এবং প্রত্যাবাসনের পথ সুগম করতে ভূমিকা রাখবে।
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় ঘোষণা করে আন্তর্জাতিক বিচার আদালত। ২০১৯ সালে গণহত্যা সনদের আওতায় গাম্বিয়া মামলাটি দায়ের করেছিল। রায়ের পরদিন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনকে তাই বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সফরের তথ্য জানানো হয়। বাংলাদেশ সফরের অংশ হিসেবে শুক্রবার তিনি কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। এর আগে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন খলিলুর রহমান।
রোহিঙ্গারা বলেন, বাংলাদেশ তাদের আশ্রয় দিয়েছে, বিপদের দিনে পাশে দাঁড়িয়েছে। এ জন্য বাংলাদেশের সরকার ও মানুষের প্রতি তারা কৃতজ্ঞ। কিন্তু আশ্রয়শিবিরের জীবন তাদের চূড়ান্ত গন্তব্য নয়। তারা ফিরতে চান নিজেদের জন্মভূমিতে, ফিরে পেতে চান হারানো পরিচয় ও অধিকার।
ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বলেন, বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষ তাদের আশ্রয় দিয়ে জীবন বাঁচিয়েছেন। এ জন্য তারা কৃতজ্ঞ। তবে তারা চিরদিন ক্যাম্পে থাকতে চান না। তাদের চূড়ান্ত লক্ষ্য মিয়ানমারে নিজেদের ঘরে ফিরে যাওয়া। এজন্য নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রয়োজন।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সফরকে স্বাগত জানিয়ে কিন মং আরও বলেন, খলিলুর রহমান আগে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তিনি রোহিঙ্গাদের দুর্ভোগ, মানবিক সংকট ও প্রত্যাবাসনের আকাঙ্ক্ষার কথা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও জোরালোভাবে তুলে ধরবেন বলে তারা আশা করছেন।
রোহিঙ্গাদের ভবিষ্যৎ নির্ধারণে তাদের নিজেদের মতামতকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান কিন মং। তার মতে, প্রত্যাবাসন শুধু দেশে ফিরিয়ে দেওয়ার বিষয় নয়,সেখানে নিরাপদে বসবাস, নাগরিক হিসেবে স্বীকৃতি এবং সব ধরনের মৌলিক অধিকার নিশ্চিত করাও জরুরি।
উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবিরে বছরের পর বছর ধরে কাটছে রোহিঙ্গাদের জীবন। সময়ের সঙ্গে ক্যাম্পের জীবন তাদের কাছে আরও অনিশ্চিত হয়ে উঠেছে। শিশুদের বেড়ে ওঠা, তরুণদের ভবিষ্যৎ আর পরিবারের স্বাভাবিক জীবনের স্বপ্নসবকিছুই আটকে আছে প্রত্যাবাসনের অপেক্ষায়।
তাই তারা আর অনিশ্চয়তার জীবন চান না। অন্যের দেশে আশ্রিত হয়ে নয়, নিজের দেশে নাগরিকের মর্যাদা নিয়ে বাঁচতে চান। আইসিজের রায়ের পর সেই স্বপ্ন নতুন করে আলো দেখলেও বাস্তবে প্রত্যাবাসন কবে শুরু হবে, তা এখনো অনিশ্চিত।
রোহিঙ্গাদের প্রত্যাশা, আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগে মিয়ানমারে এমন পরিবেশ তৈরি হবে, যেখানে তারা ভয় নয়, নিরাপত্তা নিয়ে পরিচয়হীন নয়, নাগরিকের মর্যাদা নিয়ে নিজেদের ঘরে ফিরতে পারবেন।
ভোরের আকাশ/ এনউব