উলিপুরে দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও র্যালি

দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার থেকেই সচেতনতা ও প্রস্তুতি শুরু করার আহ্বান জানিয়েছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু প্রশাসন বা উদ্ধারকারী সংস্থার ওপর নির্ভর করলে হবে না। সাধারণ মানুষের সচেতনতা ও প্রস্তুতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) কুড়িগ্রামের উলিপুরে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় ইউএনও এ টি এম আরিফ বলেন, অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সঠিক পদক্ষেপ নেওয়াও জরুরি।
তিনি আরও বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে প্রতিটি পরিবার থেকেই সচেতনতা ও প্রস্তুতির চর্চা শুরু করতে হবে। ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে প্রস্তুতি থাকলে দুর্যোগ মোকাবিলা সহজ হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মো. ফিজানুর রহমান, উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ক্যাম্প ইনচার্জ (ভারপ্রাপ্ত) খলিলুর রহমান, বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা