বড় নেতারা বেইমানি করলেও তৃণমূল কখনও বিএনপি ছাড়েনি

শীর্ষ পদ-পদবি পাওয়া অনেক বড় নেতা প্রতিকূল সময়ে দল ছেড়ে বেইমানি করলেও সাধারণ মানুষ ও তৃণমূল কর্মী-সমর্থকরা কখনো বিএনপির সাথে বেইমানি করেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম।
আলোচনা সভায় তৃণমূল নেতাকর্মীদের অবদানের কথা স্মরণ করে ডা. পাভেল সরাসরি বলেন, "তৃণমূল নেতাকর্মীরাই বিএনপির আসল শক্তি ও প্রাণ। পদ-পদবি পাওয়া বড় নেতারা বেইমানি করলেও মাঠপর্যায়ের সাধারণ মানুষ ও তৃণমূল কর্মীরা কখনো বিএনপি ছেড়ে যায়নি।" তিনি আরও যোগ করেন, গত ১৭ বছর ধরে চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যে জেল, জুলুম, রিমান্ড ও মারাত্মক অর্থনৈতিক ক্ষতি সহ্য করেও এই তৃণমূলই দলের মূল আদর্শকে ধরে রেখেছে।
দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত তুলে ধরে ডা. পাভেল বলেন, "বিএনপি প্রতিষ্ঠার সময় দেশে এক ধরণের বামঘেঁষা রাজনৈতিক পরিবেশ ছিল। শহীদ জিয়া দেশের মানুষের ধর্মীয় অনুভূতি, উদার রাজনৈতিক চিন্তা এবং মুক্তবাজার অর্থনীতির সমন্বয়ে এক সময়োপযোগী প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন। সংবিধানে 'বিসমিল্লাহির রহমানির রাহিম' যুক্ত করে তিনি ইসলামী মূল্যবোধের পথ উন্মুক্ত করেছিলেন, যা করার মতো সাহস সে সময় কেবল তারই ছিল।"
বর্তমান প্রেক্ষাপটে দলের পরিকল্পনা নিয়ে তিনি জানান, দেশনায়ক তারেক রহমান তৃণমূলের নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন এবং রাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারে নিরলস কাজ করছেন। দীর্ঘ ১৭ বছর কাজের সুযোগ থেকে বঞ্চিত নেতাকর্মীদের অভিজ্ঞতা অর্জনের ব্যবস্থা এবং ধীরে ধীরে বিভিন্ন খাতে তাদের পুনর্বাসনের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
সমাবেশে উপস্থিত বক্তারা স্পষ্ট বার্তা দিয়ে বলেন, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান বাংলাদেশের সার্বভৌমত্ব, ঐক্য এবং জাতীয় অখণ্ডতার মূল প্রতীক। ফলে কোনো ষড়যন্ত্র বা অপপ্রচার চালিয়ে বিএনপির এই সুদৃঢ় গণভিত্তি বিনষ্ট করা যাবে না।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এডভোকেট এ. কে. এম মাহবুবুর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর ইসলাম স্বাধীন এবং বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম আহসানুল তৈয়ব জাকির,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, ভিপি সাইফুল ইসলাম,জয়নাল আবেদীন চাঁন ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: হাসানাত আলী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/ এনউব