পাটগ্রাম-ডিমলা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ

লালমনিরহাটের পাটগ্রাম ও নীলফামারীর ডিমলা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় গোল কাঠ ও ২ হাজার ৩৯০ কেজি চুইঝালসহ প্রায় ২০ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। তবে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে পণ্য ফেলে পালিয়ে যায় চোরাচালানের সঙ্গে জড়িতরা।
বিজিবি সূত্র জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে কালিগঞ্জ বিওপির একটি টহল দল নায়েব সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৯৪/৬-এস থেকে প্রায় এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাড়সিংহেশ্বর কাঁচা রাস্তা এলাকায় অভিযান চালায়।
টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা ভারতীয় গোল কাঠ ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় কাঠগুলো উদ্ধার করেন।
এরপর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত কুচলিবাড়ী বিওপির টহল দল সুবেদার মো. সলেমান আলীর নেতৃত্বে সীমান্ত পিলার ৮০২/১৭-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জুম্মারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময়ও বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানের সঙ্গে জড়িতরা বিপুল পরিমাণ পণ্য ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২ হাজার ৩৯০ কেজি ভারতীয় চুইঝাল উদ্ধার করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা চুইঝালের আনুমানিক সিজার মূল্য ১৬ লাখ ৭৩ হাজার টাকা।
দুই অভিযানে উদ্ধার করা ভারতীয় গোল কাঠ ও চুইঝালের মোট সিজার মূল্য ২০ লাখ ৮৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈন পৃথক অভিযানে এসব ভারতীয় পণ্য উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার রয়েছে। উদ্ধার করা পণ্যের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য প্রবেশ ঠেকানো ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভোরের আকাশ/সু.পা