জামালপুরে ঈদকে কেন্দ্র করে ভাড়া নৈরাজ্য

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে জামালপুরের বিভিন্ন সড়কে সিএনজি অটোরিকশার ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।
এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষ। বিশেষ করে জামালপুর-ময়মনসিংহ সড়কে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে চালকদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত যেখানে সাধারণ সময়ে সিএনজি ভাড়া ১৬০ টাকা নেওয়া হতো, সেখানে বর্তমানে ২৫০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। একইভাবে মুক্তাগাছা পর্যন্ত ১০০ টাকার ভাড়া বেড়ে ১৫০ টাকা নেওয়া হচ্ছে। চালকদের দাবি, আগামী শুক্রবার পর্যন্ত এই বাড়তি ভাড়া কার্যকর থাকবে।
নিয়মিত যাতায়াতকারী যাত্রীরা অভিযোগ করে বলেন, ঈদ এলেই সিএনজি চালকদের একাংশ ইচ্ছেমতো ভাড়া নির্ধারণ করেন। ভাড়া বৃদ্ধির কারণে সাধারণ মানুষকে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। এ অবস্থায় জামালপুর-ময়মনসিংহ রুটে বাস ও মিনিবাস সার্ভিস চালুর দাবি জানিয়েছেন তারা।
অন্যদিকে, ইসলামপুর-জামালপুর রুটেও একই চিত্র দেখা গেছে। সাধারণ সময়ে ৬০ টাকা ভাড়া হলেও ঈদ মৌসুমে তা বেড়ে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া দেওয়ানগঞ্জ-জামালপুর রুটেও কয়েকগুণ বেশি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।
ভুক্তভোগীরা বলছেন, অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি দেখভালের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি প্রয়োজন। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যাত্রীদের ভোগান্তি কমানোর দাবি জানিয়েছেন।
স্থানীয়দের মতে, দীর্ঘমেয়াদে জামালপুর-ময়মনসিংহ রুটে বাস ও মিনিবাস চালু করা গেলে যাত্রীদের জন্য সাশ্রয়ী ও নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে এবং সিএনজি ভাড়া নৈরাজ্যও অনেকাংশে কমে আসবে।
ভোরের আকাশ/ র.ই