টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার হাতিয়া অরক্ষিত রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী আবুল হোসেন (৬৫) কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের বানকিনা পশ্চিম পাড়া গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে।
রেলওয়ে পুলিশ জানায়, ট্রেনটি যমুনা সেতু পূর্ব ইব্রাহিম আবাদ স্টেশন থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় কালিহাতি থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটি এলেঙ্গার দিকে যাওয়ার পথে হাতিয়া অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সাথে ধাক্কা লাগে। ধাক্কায় মোটরসাইকেল ও চালককে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন আর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা তার লাশ নিয়ে গেছে। নিহতের পরিচয় নিশ্চিত করে তার বাড়িতে যোগাযোগ করা হচ্ছে।
ভোরের আকাশ/মো.আ.