নওগাঁ সদরের ১২৮ পূজামণ্ডপে এমপি ধলু

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁ সদর উপজেলার ১২৮টি পূজামণ্ডপ পরিদর্শন করছেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা জাহিদুল ইসলাম ধলু। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা পৌঁছে দেওয়ার পাশাপাশি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নিচ্ছেন তিনি।
মণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্য পূজা উদ্যাপন কমিটির সদস্য, দর্শনার্থী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং উৎসবের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
এ ছাড়া তারেক রহমানের পক্ষ থেকে শ্রীশ্রী বুড়াকালী মাতার পূজামণ্ডপসহ বিভিন্ন স্থানে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে শাড়ি বিতরণ করা হয়।
সংসদ সদস্যের দিন-রাত মণ্ডপ পরিদর্শন ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের বিষয়টি স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাঁকে কাছে পেয়ে সন্তোষ প্রকাশ করেন পূজা উদ্যাপন কমিটির সদস্য ও সনাতন ধর্মাবলম্বীরা।
পরিদর্শনকালে জাহিদুল ইসলাম ধলু বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। দল-মত নির্বিশেষে সবাই মিলে উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করছেন, যা আমাদের সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।”
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব