উলিপুরে বৃদ্ধ হত্যাকাণ্ড: অভিযুক্ত রাব্বিকে নিয়ে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে বাচ্চু মিয়া (৭০) নামে এক বৃদ্ধকে হত্যার ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত রাব্বিকে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে দক্ষিণ মধুপুর ঈদগাহ মাঠসংলগ্ন একটি পুকুর থেকে ছুরিটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্রামে বাচ্চু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর নাতি রাব্বির (২২) বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে।
পরে পুলিশ অভিযুক্ত রাব্বিকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে সঙ্গে নিয়ে দক্ষিণ মধুপুর ঈদগাহ মাঠসংলগ্ন পুকুরে যায়। সেখানে তল্লাশি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা ছুরিটি উদ্ধার করা হয়।
ছুরি উদ্ধারের পর পুলিশ অভিযুক্ত রাব্বিকে আবারও থানায় নিয়ে যায়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর কথা রয়েছে।
এদিকে, বাচ্চু মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/সু.পা