গোপালপুরের জয়কে হত্যা: ডিমলায় মাটির নিচে মিলল মরদেহ

বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির জন্য ঢাকার ফার্মগেট এলাকায় কোচিং করতে গিয়ে গত ১৬ সেপ্টেম্বর নিখোঁজ হন গোপালপুরের রাকিবুল হোসেন জয় (১৮)। পরে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশায় বাবা খাদেমুল ইসলাম ধারদেনা করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দেন। কিন্তু এরপরও জয়ের কোনো সন্ধান মেলেনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) নীলফামারীর ডিমলা উপজেলার ছাতনাই ইউনিয়নের বালাপাড়া গ্রামে মাটির নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় জয়ের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় মামুন রহমান (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়।
জয় গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের দাদীর আটা গ্রামের খাদেমুল ইসলাম ও জোহুরা বেগমের ছেলে। তিনি ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এ+ পেয়ে উচ্চমাধ্যমিক পাস করেছিলেন।
ছেলের বাবা খাদেমুল ইসলাম বলেন, মুক্তিপণ দিয়েছিলাম ছেলেকে ফিরে পাওয়ার আশায়। টাকা দিয়েও ছেলেকে জীবিত পেলাম না। আমি খুনির ফাঁসি চাই।
জয়ের মা এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি ও খুনির ফাঁসি দাবি করেছেন।
ভোরের আকাশ/আ.র