খুলনায় শিশু অপহরণকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

খুলনা মহানগরীতে চার বছরের এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে গণপিটুনিতে রাজু (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নগরীর রায়েরমহল বাজারের বড় মসজিদের কাছে এ ঘটনা ঘটে। নিহত রাজু খুলনার ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে।
আড়ংঘাটা থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. হালিমুর রহমান গণপিটুনিতে রাজুর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে রায়েরমহল বাজারের বড় মসজিদের পাশের বাসিন্দা হাসান গাজীর চার বছরের মেয়ে মিমকে অপহরণের চেষ্টা করেন রাজু। এ সময় স্থানীয় লোকজন তাকে ধরে গণপিটুনি দেয়।
খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় রাজুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়। আড়ংঘাটা থানার ডিউটি অফিসার সহকারী পরিদর্শক (এসআই) ফেরদাউস জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
ভোরের আকাশ/সু.পা