ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ১

পাবনার ঈশ্বরদীতে ট্রেনের নিচে কাটা পড়ে সেলিম হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) সকাল ৯ টার দিকে ঈশ্বরদী জংশন স্টেশনের দক্ষিণ পাশে সরকারি নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে রেল লাইনে এ ঘটনা ঘটে।
নিহত সেলিম হোসেন ঈশ্বরদী পৌর শহরের পূর্ব টেংরী ঈদগাহ রোড এলাকার মৃত রমজাম আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেলিম ঈশ্বরদী জংশন স্টেশন থেকে ১০০ গজ দক্ষিণে রেললাইন পার হচ্ছিল। এসময় রাজশাহী-ঈশ্বরদী-ঢাকা রুটে চলাচলকারী মধুমতি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে হাত ও পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ১৫ মিনিট চিকিৎসাধীন অবস্থায় থাকার পর সে মারা যায়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাবিবা খাতুন বলেন, গুরুতর আহত অবস্থায় সেলিম হোসেন নামে ট্রেনে কাটা একজনকে হাসপাতালে আনা হয়। এখানে চিকিৎসাধীন ১৫ মিনিট পর সে মারা যায়।
ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, নিহত সেলিম কানে কম শুনতেন। তিনি রেললাইন পার হওয়ার সময় মধুমতি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে সেখানে
চিকিৎসাধীন তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভোরের আকাশ/মো.আ.