সিলেটে ২৩ অক্টোবর শুরু দুই দিনব্যাপী ‘শ্রোতা উৎসব ২০২৬’

মহান সুফি সাধক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর স্মৃতিবিজড়িত সিলেটে আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘শ্রোতা উৎসব ২০২৬’। আন্তর্জাতিক বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ‘ইতিবাচক অংশীদারিত্ব’। অন্যদিকে উৎসবের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শ্রোতা উৎসব ২০২৬: প্রেক্ষিত—আধ্যাত্মিক রাজধানী সিলেট’।
উৎসবের সার্বিক প্রস্তুতি পর্যালোচনায় সম্প্রতি সিলেটের শাহপরান শান্তিবাগে সাউথ এশিয়া রেডিও ক্লাবের শাহপরান ইউনিটের সহসভাপতির বাসভবনে একটি বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) উৎসবের আয়োজন ও সফল বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় ক্লাবের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত থেকে তাঁদের মতামত ও পরামর্শ দেন।
সভায় জানানো হয়, গুগল ফরমের মাধ্যমে উৎসবের নিবন্ধন কার্যক্রম চলছে। দুই দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চলসহ প্রতিবেশী দেশ ভারত থেকে বেতার শ্রোতা, গণমাধ্যমকর্মী ও সুধীজন অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
উৎসবের গুরুত্ব বাড়াতে মন্ত্রী, সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিকদের আমন্ত্রণ জানানোর কার্যক্রমও সম্পন্ন হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, ২০২৩-২০২৬ মেয়াদে ক্লাবের উন্নয়ন ও বিভিন্ন কার্যক্রমের সংবাদ জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় গুরুত্বের সঙ্গে প্রকাশে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দুজন সংবাদকর্মীকে ‘ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬’ দেওয়া হবে।
এবারের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ এবং ‘দৈনিক উত্তরপূর্ব’-এর সিনিয়র সাব-এডিটর ফয়জুল আহমদ।
এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্মারক ক্রেস্ট এবং নিবন্ধিত অংশগ্রহণকারীদের বিশেষ সনদ ও ক্রেস্ট দেওয়ার প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে সভায় জানানো হয়।
উৎসবের প্রথম দিন শুক্রবার (২৩ অক্টোবর) অংশগ্রহণকারী শ্রোতা ও সদস্যদের সকাল ৭টার মধ্যে শাহপরান এলাকায় এবং সকাল সাড়ে ৭টার মধ্যে ঐতিহাসিক ক্বিন ব্রিজ এলাকায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে আয়োজক সংগঠন।
সকাল ৮টায় আমন্ত্রিত অতিথিরা আনুষ্ঠানিকভাবে ‘শ্রোতা উৎসব ২০২৬’-এর উদ্বোধন করবেন। এরপর অংশগ্রহণকারীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে।
দুই দিনব্যাপী উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন। এর মধ্যে রয়েছে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর, সিলেট সদর উপজেলার চা-বাগান, গোয়াইনঘাট উপজেলার জাফলং, জৈন্তাপুর উপজেলার শাপলাবিল, চা-বাগান, পাথর কোয়ারি, খাসিয়া পল্লী ও লালাখাল।
উৎসবে অংশ নেওয়া দেশি-বিদেশি বেতার শ্রোতা ও অতিথিদের নিয়ে এসব স্থানে বিশেষ ভ্রমণের আয়োজন করা হবে।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ড. মীর শাহ আলম (S21MIR), চেয়ারম্যান দিদারুল ইকবাল (S21DAL), ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা ও মহাসচিব নুর মোহাম্মদ উৎসবটি সফল ও সার্থক করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন।
ভোরের আকাশ/জেআ