নবাগত ইউএনওর সঙ্গে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লার মনোহরগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের প্রতিনিধিরা উপজেলার ১১টি ইউনিয়নের ১৭৬টি গ্রামে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়ে ইউএনওকে অবহিত করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ফোরামের উদ্যোগে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, রমজানে খাদ্যসামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণসহ নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও বিনোদনমূলক কর্মকাণ্ড, মাদকের বিরুদ্ধে সভা-সেমিনার ও জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে সংগঠনটি।
এ ছাড়া বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নকাজে অর্থায়ন, দারিদ্র্য বিমোচনে সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ, অসহায় পরিবারের মধ্যে অটোরিকশা বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালুসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ও চলমান রয়েছে বলে জানানো হয়।
মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি জসিম উদ্দিন সিআইপি বলেন, আগামী দিনে মনোহরগঞ্জ উপজেলাকে একটি আধুনিক, মানবিক ও আলোকিত সমাজ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করে যাবেন তারা।
সাক্ষাৎকালে সংগঠনের প্রতিনিধিদল তাদের বিভিন্ন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে ইউএনওর সার্বিক সহযোগিতা কামনা করেন। ইউএনও রিফাত জাহান আগামী দিনে সংগঠনটির মানবিক কার্যক্রমে সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দেন। পরে সংগঠনের পক্ষ থেকে নবাগত ইউএনও রিফাত জাহানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সহসভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান মোল্লা, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাফি, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম মিজি, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফিরোজ আলম এবং কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।
ভোরের আকাশ/সু.পা