সিরাজদিখানে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন টেটাবিদ্ধসহ আহত ১০

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন টেটাবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১০ জন ।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার বয়রাগাদি ইউনিয়নের কুমারখালি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কুমারখালি গ্রামের শিরু মিয়ার পুত্র জয়নাল আর একই এলাকার বিসা মাতবরের ছেলে দেলোয়ার হোসেনের সাথে একটি জমির মালিকানা নিয়ে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বুধবার বিরোধপূর্ন জমিটি সার্ভেয়ার দিয়ে মাপা হয়।
জমির এই মাপ নিয়ে বুধবারের দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটির জেরে বৃহস্পতিবার বেলা ১১ টায় দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। একপর্যায়ে তা দেশি অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে ৪ জন টেটাবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১০ জন ।
এ সময় টেটাবিদ্ধ হয়ে আহত হয় - মো. আবুল হোসেন (৬০), মো. আমির আলী (৫৫), মো. সেলিম (৫৮) ও মো.ইয়ামিন (১৫)। টেটাবিদ্ধ আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী আহতরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গেলে পরিস্থিতি শান্ত হয় ।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন জানান, এ ঘটনায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনগত ব্যস্থা প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/ র.ই