দুর্যোগে মানবিকতার নজির গড়লেন এমপি দীপেন দেওয়ান ও ছাত্রদলের নেতাকর্মীরা

টানা কয়েক দিনের ভারী বর্ষণ, পাহাড়ধস ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রাঙামাটি আসনের সাবেক পার্বত্যমন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান এবং রাঙামাটি জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে অ্যাডভোকেট দীপেন দেওয়ান রাঙামাটি পৌর এলাকার বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে দুর্গত মানুষের খোঁজখবর নেন। এ সময় জেলা প্রশাসনের সহযোগিতায় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের মাঝে দুপুরের খাবার, শিশুদের জন্য দুধ, খেজুর ও বিস্কুট বিতরণ করা হয়।
দুর্গত মানুষের সঙ্গে কথা বলে তিনি বলেন, সরকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আন্তরিকভাবে কাজ করছে এবং ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হবে।
তিনি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের প্রশাসনের নির্দেশনা মেনে দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, সতর্কবার্তা উপেক্ষা করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে তিনি সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অন্যদিকে, একই দিনে রাঙামাটির মানিকছড়িস্থ সাপছড়ি এলাকায় আকস্মিক পাহাড়ধসে রাঙামাটি-প্রধান সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে স্থানীয় প্রশাসনের আহ্বানে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় রাঙামাটি জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। প্রশাসনের সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা পাহাড়ধসে সড়কে জমে থাকা মাটি ও প্রতিবন্ধকতা অপসারণে সরাসরি অংশ নেন।
তাদের নিরলস প্রচেষ্টা ও প্রশাসনের সমন্বিত উদ্যোগে অল্প সময়ের মধ্যেই সড়কটি যান চলাচলের উপযোগী করে তোলা সম্ভব হয়। এতে দীর্ঘ সময় আটকে থাকা যানবাহন চলাচল স্বাভাবিক হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে আসে।
এ সময় জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার আব্দুর রকিব পিপিএম, জেলা ত্রাণ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াদ হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুল হকসহ জেলা ও উপজেলা বিএনপি এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাঙামাটির চলমান দুর্যোগে জনপ্রতিনিধি, প্রশাসন ও রাজনৈতিক কর্মীদের এই সমন্বিত মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।
দুর্যোগের সময় রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ জনসেবামূলক রাজনীতির একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
ভোরের আকাশ/ র.ই