১৭ বছর রাজপথে যাদের দেখেছি, তাদের মধ্য থেকেই প্রার্থী হবে: এমপি মানিক

চাঁদপুরের হাইমচর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি বলেছেন, দলের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে একজন করে প্রার্থী দেওয়া হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ প্রার্থী হলে কিংবা দলীয় প্রার্থীর পরাজয়ে ভূমিকা রাখলে তাকে ছাড় দেওয়া হবে না।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় হাইমচর উপজেলা আদর্শ শিশু নিকেতনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, ১৭ বছর রাজপথে যাদের দেখেছি, তাদের মধ্য থেকেই প্রার্থী হবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কে মাদকের বিরুদ্ধে কী ভূমিকা রেখেছেন, কে কী অন্যায় করেছেন এবং বিভিন্ন দরবার থেকে কে কত টাকা নিয়েছেন, সেসব বিষয় যাচাই করা হবে। প্রার্থীদের নিজেদের যোগ্যতা ও গ্রহণযোগ্যতা নিয়েও আত্মমূল্যায়ন করার আহ্বান জানান তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ছাত্রদলের সঙ্গে জড়িতরা চেয়ারম্যান ও মেম্বার পদে প্রার্থী হতে পারবেন না; বরং তারা দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করবেন। বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যেসব নেতাকর্মী ইউনিটপ্রধানের দায়িত্বে রয়েছেন, নির্বাচনে অংশ নিতে হলে তাদের পদ থেকে অব্যাহতি নিয়ে প্রার্থী হতে হবে।
এমপি মানিক আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কাউকে বাদ দেননি। দলীয়ভাবে সবাইকে মূল্যায়ন করা হবে। তবে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করে কেউ পরাজয়ের কারণ হলে তাকে ছাড় দেওয়া হবে না। হাইমচরে তারেক রহমানের চিন্তা-চেতনা ও পরিকল্পনা বাস্তবায়নে কাজ করার কথাও উল্লেখ করেন তিনি।
হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী।
এ সময় হাইমচর উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রত্যাশী এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আলগী দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. কাইয়ুম।
ভোরের আকাশ/আ.র