সারিয়াকান্দিতে ৯৫৫ লিটার চোলাই মদ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে অভিযান চালিয়ে ৯৫৫ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধারের পর আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে সুইপার কলোনিতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে এসব মাদকদ্রব্য ও সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন। প্রায় এক ঘণ্টা ধরে অভিযান চলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কলোনিতে দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি ও বিক্রির অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাতেও অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে মাদকবিরোধী টাস্কফোর্সের আওতায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান বলেন, ওই এলাকায় চোলাই মদ তৈরি ও বিভিন্ন স্থানে বিক্রির অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দা ও হাসপাতালসংশ্লিষ্ট ব্যক্তিরাও এ বিষয়ে অভিযোগ করেছেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম বলেন, স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনায় মাদকবিরোধী টাস্কফোর্সের আওতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদকদ্রব্যের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ইউএম