আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় হাবিবা খাতুন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত হাবিবা ওই উপজেলার চাঁপাপুর ইউনিয়নের ভেনলা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।
রোববার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চাঁপাপুর-চৌমুহনি সড়কের আড়াইল তিনমাথা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে বাবা ও দাদীর সঙ্গে চাঁপাপুর বাজারে ডাক্তারের কাছে যাচ্ছিল শিশু হাবিবা। তারা চাঁপাপুরের আড়াইল তিনমাথা এলাকায় পৌঁছায়। তখন সড়ক পারাপারের সময় চাঁপাপুর থেকে কুন্দগ্রামমুখী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১২-৪৩৫৫) শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় হাবিবা। পরে স্থানীয় জনতা ওই ঘাতক ট্রাক ও ড্রাইভার জুয়েলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করি। সেইসাথে ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, এঘটনায় নিহত শিশুর পরিবার থেকে কেউ বাদী হয়ে কোন মামলা বা অভিযোগ করেনি। বরং শিশুটি স্বাভাবিকভাবে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে। ফলে আটক ট্রাক ও চালক ছাড়া পায় এবং শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ভোরের আকাশ/ র.ই