অগ্রণী ব্যাংকে চুরির চেষ্টা , আনসারের অভিযানে আটক ১

ফরিদপুর সদর উপজেলার অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় গভীর রাতে চুরির চেষ্টা নস্যাৎ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। তাৎক্ষণিক অভিযান চালিয়ে চুরিকৃত মালামালসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আনসার সদস্যদের সতর্কতা ও দ্রুত পদক্ষেপে ব্যাংকের সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা পিসি মো. আবু বক্কর ও এপিসি মো. শহিদ খানের নেতৃত্বে আনসার সদস্য মো. শাহ আলম ও মো. রাশেদ মিয়া নিয়মিত টহলে ছিলেন। এ সময় তারা ব্যাংকের ভবনের এসির বৈদ্যুতিক তার কাটার শব্দ শুনে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় তারা দ্রুত ক্যাম্পে খবর দেন। সংবাদ পেয়ে অতিরিক্ত আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চারদিক ঘিরে অভিযান চালান। পরে চুরিকৃত মালামালসহ মো. রাকিব মণ্ডল (৩০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
আটক রাকিব মণ্ডলের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার হামদহ গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, আনসার সদস্যদের সময়োপযোগী পদক্ষেপ না থাকলে ব্যাংকের গুরুত্বপূর্ণ সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত। তাদের পেশাদারিত্ব ও দ্রুত অভিযানের ফলে চুরির চেষ্টা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দীর্ঘদিন ধরে দেশের গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ, জনসম্পদের সুরক্ষা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে আসছে। ফরিদপুরের এই ঘটনাও বাহিনীর সদস্যদের সতর্কতা, সাহসিকতা ও পেশাদারিত্বের আরেকটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
ভোরের আকাশ/জেআ