কালিগঞ্জ মহাসড়কের শিমুলিয়া পুনরায় বিদ্যুতের খুঁটি স্থাপন

গাজীপুরের টংগী-কালীগঞ্জ মহাসড়কের শিমুলিয়া এলাকায় ভেঙে পড়া পল্লী বিদ্যুতের খুঁটি অপসারণের পর পুনরায় খুঁটি স্থাপন ও সংযোগ কাজ শুরু হয়েছে।
এর আগে, সড়কের উপর বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে দুর্ঘটনার সৃষ্টি হলে জরুরি ভিত্তিতে খুঁটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। তবে এ সময় বিদ্যুতের মূল লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় আশপাশের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছে।
পরবর্তীতে, চৌধুরী এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের ঠিকাদার অতিরিক্ত জনবল নিয়ে কাজ শুরু করে। তারা দ্রুত সময়ের মধ্যে সড়কের পাশে নতুন করে বিদ্যুতের খুঁটি স্থাপন করে এবং ৩৩ হাজার ভোল্টের মেইন লাইনের সংযোগ পুনরুদ্ধার করে। এতে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি ঘটলেও পুরো কাজ এখনও সম্পূর্ণ হয়নি।
কালীগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ আক্তার হোসেন জানান, “মোট ১৪ থেকে ১৫টি বিদ্যুতের খুঁটি স্থাপনের কাজ বাকি রয়েছে। ঠিকাদার জানিয়েছে, সব কাজ শেষ করতে আরও কয়েকদিন সময় লাগবে।”
এদিকে, স্থানীয়রা দ্রুত কাজ শেষ করে স্থায়ীভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ভোগান্তি এড়ানো যায়।
ভোরের আকাশ/এনএস