গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে স্থানীয়রা দেখতে পেয়ে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তার ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন- উপজেলার মহেশপুর ইউনিয়নের বাঐখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০) এবং নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদী শেখ (২৫)।
কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, স্থানীয়দের দাবি তারা দুজন মাদকাসক্ত ছিলেন। ধারনা করা হচ্ছে, মঙ্গলবার রাত ১০টার পর ঢাকা থেকে খুলনাগামী ‘রূপসী বাংলা’ ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে।
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনার বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে পরবর্তী আইনি প্রক্রিয়া ও মরদেহ হস্তান্তর করবে।
ভোরের আকাশ/জেআ