ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল গুড় তৈরি কারখানার সন্ধান

মিষ্টির গাদ দিয়ে ভেজাল গুড় তৈরীর কারখানার সন্ধান মিলেছে ব্রাহ্মণবাড়িয়ায়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া, মঙ্গলবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়- জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালযের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক তদারকির অংশ হিসেবে জেলা শহরের কালাইশ্রীপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে চালানো অভিযানে দেখা যায়, বাড়ির অভ্যন্তরে লোকচক্ষুর আড়ালে বিভিন্ন মিষ্টির দোকান হতে বর্জ্য হিসাবে প্রাপ্ত গাদের সাথে চিনি, রং মিশ্রণ করে অত্যন্ত অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় গুড় তৈরি করছিল।
এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং কারখানায় গুড় তৈরির যাবতীয় উপকরণ ধ্বংস করে দেওয়া হয়। এ প্রক্রিয়ায় গুড় তৈরি বন্ধে নির্দেশনা প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী ভোরের আকাশকে জানান, জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহযোগিতা করেন।
ভোরের আকাশ/জাআ