ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য-সংস্কৃতিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ঐতিহ্যবাহী প্রায় ২০০ বছরের পুরোনো আমগাছ ও সমতলের চা-বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার (৩১ আগস্ট) বিকেলে তিনি উপজেলার হরিণমারী সীমান্তের ঐতিহাসিক আমগাছ এবং সীমান্তবর্তী নিটলডোবা গ্রামের সমতলের চা-বাগান পরিদর্শন করেন। এ সময় তিনি চা-বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং নিজেও শ্রমিকের ভূমিকায় চা-পাতা সংগ্রহ করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ‘আমি সমতলে আগে কখনো চা দেখিনি। বাংলাদেশে এই প্রথম সমতলে চা চাষ দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। এত পুরোনো একটি আমগাছ দেখেও আমি মুগ্ধ।’
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের উন্নয়নে কাজ করতে চাই। এখানকার মানুষ অত্যন্ত পরিশ্রমী। তাদের সহযোগিতা করা হলে তারা দ্রুত উন্নতি করতে পারবেন। আমরা সবসময় আপনাদের পাশে থাকব।’ ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য তাঁকে মুগ্ধ করেছে বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত।
এ সময় তাঁর সঙ্গে সুলতান টি স্টেটের মালিক ফয়জুল ইসলাম হিরু, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূতের সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সফরকালে তিনি স্থানীয় ঐতিহ্য ও দর্শনীয় স্থানগুলোর বিষয়ে খোঁজখবর নেন এবং সুলতান টি স্টেট ও ঐতিহাসিক আমগাছটির গুরুত্ব সম্পর্কে অবগত হন।
ভোরের আকাশ/সু.পা