খোকসায় পাখিভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

কুষ্টিয়ার খোকসা উপজেলায় পাখিভ্যানের ধাক্কায় আব্দুল্লাহ (৬) নামে এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার কাদিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ স্থানীয় তামিম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী এবং কাদিরপুর ইউনিয়নের বরইচাড়া গ্রামের বাবলু মেম্বারের নাতি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আব্দুল্লাহ তার মায়ের সঙ্গে মাদ্রাসায় যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে ভ্যানের ভাড়া দেওয়ার সময় অসাবধানতাবশত একটি ইঞ্জিনচালিত পাখিভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে শিশুটির অকাল মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল এলাকা।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শিশুটি তার মায়ের সঙ্গে মাদ্রাসায় যাচ্ছিল। ভ্যানের ভাড়া দেওয়ার সময় একটি পাখিভ্যানের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে।
তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি এবং পরিবার অভিযোগ করবে না বলেও পুলিশকে জানিয়েছে।
ভোরের আকাশ/ র.ই