পীরগঞ্জে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত নারী শিল্পী সুমিতা

আর মাত্র কয়েক দিন পরেই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে ঘিরে রংপুরের পীরগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। পুরুষের পাশাপাশি নিজের হাতের নিপুণ ছোঁয়ায় দেবী দুর্গাসহ অন্যান্য প্রতিমা গড়ে তুলছেন নারী প্রতিমা শিল্পী সুমিতা রানী রায়।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে দিন-রাত একাকার করে কাঠ, খড় ও মাটির সমন্বয়ে প্রতিমা তৈরির কাজ চলছে। বাঁশ ও খড়ের কাঠামোর ওপর মাটির প্রলেপ দিয়ে দেবী দুর্গা, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী, গণেশ ও অসুরের প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সুমিতা। তাঁর তুলির আঁচড় ও ছেনি-হাতুড়ির নিপুণ ছোঁয়ায় ধীরে ধীরে ফুটে উঠছে দেবী দুর্গার অবয়ব।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঐতিহ্যগতভাবে প্রতিমা তৈরির পেশায় পুরুষদের আধিপত্য থাকলেও পীরগঞ্জের নারী শিল্পী সুমিতা রানী রায়ের অংশগ্রহণ ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। সংসারের নিত্যদিনের কাজ সামলে মণ্ডপে মণ্ডপে গিয়ে প্রতিমা তৈরির মতো কঠিন কাজে নিজেকে যুক্ত করেছেন তিনি।
মাটির কাজ শেষ হলে শুরু হবে রং-তুলির আঁচড়। এরপর পোশাক ও অলংকারে দেবীকে সাজিয়ে তোলার কাজ করা হবে। সবশেষে পূজামণ্ডপে স্থাপন করা হবে প্রতিমা।
নারী প্রতিমা শিল্পী সুমিতা রানী রায় বলেন, দেবীকে নিজের হাতে রূপ দেওয়ার মধ্যে পরম আনন্দ ও ভক্তি রয়েছে। সময়মতো মণ্ডপে মণ্ডপে প্রতিমা পৌঁছে দিতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা দিন-রাত পরিশ্রম করছেন। এবার দুই লাখেরও বেশি টাকায় ১০টি পূজামণ্ডপের প্রতিমা তৈরির কাজ করছেন তিনি। এ ছাড়া সারা বছর বিভিন্ন পূজার জন্য প্রতিমা তৈরির কাজ করেন। এ থেকে যে আয় হয়, তা দিয়ে সংসারের খরচ চালাতে সহযোগিতা করেন।
পীরগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল পাল বলেন, পৌরসভায় ১০টিসহ পুরো উপজেলায় ৯৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুধীর চন্দ্র বর্মণ জানান, এবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নারী শিল্পীর তৈরি প্রতিমা মণ্ডপগুলোতে আলাদা আকর্ষণ তৈরি করবে বলে আশা করছেন ভক্ত ও আয়োজকেরা।
পীরগঞ্জ থানার ওসি নজমুল হক জানান, উপজেলায় ৯৬টি পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। প্রতিটি পূজামণ্ডপে ৬ থেকে ৮ জন করে আনসার-ভিডিপি সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পুলিশের টহল দলও দায়িত্ব পালন করবে।
ভোরের আকাশ/জেআ