দুগর্ন্ধের উৎস খুঁজতে গিয়ে মিললো নারীর খন্ডিত মরদেহ

সকাল থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল, বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে দুর্গন্ধও। দুর্গন্ধের মাত্রা বাড়ার এক পর্যায়ে এলাকাবাসী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে দেখতে পায় মানব দেহের খন্ডিত অংশ ডোবায় ভাসছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ডোবা থেকে নারীর দেহের তিনটি খন্ডিত অংশ উদ্ধার করে ।
শনিবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার নাজমুল হাসানের বাড়ির একটি ডোবা থেকে অজ্ঞাত নারীর কয়েক খন্ড মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর পরিচয় এখনো জানা যায়নি।
বাড়ির মালিক নাজমুল হাসান জানান, বাড়িটি স্থানীয় গার্মেন্টস কর্মীদের কাছে ভাড়া দেয়া হয়েছে। বাড়ির রান্নাসহ দৈনন্দিন ব্যবহার্য পানি নিস্কাষনের জন্য পাশেই প্রায় আট-দশ বছর আগে ছোট একটি ডোবা নির্মাণ করা হয়। পরে সেখানে কচুরিপানাসহ কয়েক জাতের মাছ জন্ম নেয়।
শনিবার (১৪ মার্চ) দুপুরে বাড়ির ভাড়াটিয়া প্রকট দুর্গন্ধ পেয়ে আশপাশে খোঁজ করে পাশের ডোবাতে খন্ডিত মানবদেহ দেখতে পায় বাড়ির মালিককে জানান। পরে তিনি পুলিশে খবর দেন। স্থানীয়রা জানান, এলাকাটি ঘনবসতি হওয়ায় অন্য কোথাও থেকে এনে দেহের খন্ড অংশ গুম করতে এখানে ফেলে রাখা হয়েছে।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত কাজ চলছে ও ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
ভোরের আকাশ/ র.ই