চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের আকস্মিক অভিযান

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে জনদুর্ভোগ, অনিয়ম ও দালালদের তৎপরতার অভিযোগ খতিয়ে দেখতে আকস্মিক অভিযান চালিয়েছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। এ সময় তিনি সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে তাঁদের ভোগান্তি ও অভিযোগের কথা শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে পাসপোর্ট অফিসে উপস্থিত হয়ে তিনি সেবার মান ও অফিসের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। অনিয়মের অভিযোগে অসন্তোষ প্রকাশ করে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অভিযানকালে পাসপোর্ট করতে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন অভিযোগ শোনেন সংসদ সদস্য। সরকারি গুরুত্বপূর্ণ এই সেবা নিতে এসে কেউ যেন হয়রানি, অনিয়ম কিংবা দালালের খপ্পরে না পড়েন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি। পাশাপাশি পাসপোর্ট অফিসের সেবার পরিবেশ উন্নত করার আহ্বান জানান।
এ সময় কয়েকজনকে দালাল হিসেবে চিহ্নিত করে কর্মরত আনসার সদস্যদের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে। তবে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
অভিযানের সময় পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. বজলুর রশিদকে পাওয়া যায়নি। তিনি ছুটিতে ছিলেন বলে জানা গেছে।
অভিযান শেষে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, “চাঁদপুর পাসপোর্ট অফিস থাকবে দালালমুক্ত। আমি প্রতি শুক্রবার সাধারণ মানুষের সঙ্গে বসি, তাদের সঙ্গে কথা বলি। তাদের অনেকেই এই পাসপোর্ট অফিসের দুর্নীতির কথা বলেন। আজকে পাসপোর্ট অফিসে এসে যা দেখলাম, তাতে মনে হলো এখানের পরিবেশ ভালো না। এখানের পরিবেশ উন্নতির জন্য সবার সহযোগিতা দরকার।”
তিনি আরও বলেন, সাংবাদিকদের অন্তত সপ্তাহে দুবার পাসপোর্ট অফিসে গিয়ে খোঁজখবর নেওয়া উচিত। সবাইকে সঙ্গে নিয়ে দুর্নীতিমুক্ত পাসপোর্ট অফিস গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, সরকারি সেবা নিতে আসা মানুষের ভোগান্তি কমাতে পাসপোর্ট অফিসে সেবার মান নিশ্চিত করা, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
ভোরের আকাশ/জেআ