পীরগঞ্জে মৎস্য সপ্তাহের উদ্বোধন, সফল চাষিদের পদক প্রদান

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষিদের মাঝে মৎস্য পদক প্রদান করা হয়।
রোববার (১৬ আগস্ট) পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিন। এছাড়া বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম সেবু মণ্ডল।
আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং মৎস্যসম্পদের টেকসই উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে মৎস্যসম্পদের যথাযথ সংরক্ষণ, পরিকল্পিত ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, মৎস্যজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা