পিরোজপুরে নিষিদ্ধ ঘোষিত চায়না দোয়ারি জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস

পিরোজপুরের ইন্দুরকানীতে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনার করে একটি দোকান গুদাম থেকে আড়াই লক্ষাধিক টাকার নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারি ও বিভিন্ন জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রোববার (৩ আগস্ট) উপজেলার পাড়েরহাট বাজারে দুপুর ৪টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান বীন মুহাম্মদ আলী।
এসময় দেশীয় মাছ রক্ষায় অভিযানে নিষিদ্ধ ঘোষিত ৬৩টি নতুন চায়না দুয়ারি জাল, ৫টি বেড় জাল, ২টি কারেন্ট জাল ও ২টি বুসনা জাল জব্দ করা হয় এবং উপজেলা পরিষদের মাঠে সবার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় ইন্দুরকানী উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হোসেন, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মো. আইনুল নিশাত, ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেনসহ পুলিশ সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান বিন মুহাম্মদ আলী বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে পাড়েরহাট বাজারে অভিযান চালিয়ে রেদোয়ান নামে এক ব্যবসায়ীর দোকানের একটি গুদাম থেকে নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারি জালসহ বিভিন্ন জাল উদ্ধার করে জনতার সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।
ভোরের আকাশ/মো. আ.