টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাত আটক

টাঙ্গাইলের ভূঞাপুর ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাত কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভোরে উপজেলার কুকাদাইর এলাকায় যমুনা নদী সংলগ্ন কালা সড়কের কাছ থেকে নৌকাসহ স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে রামদা সহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করে।
আটককৃতরা হলেন, গাজীপুর জেলার আব্দুর রশিদের ছেলে মো. রুবেল (৩৯), মৃত কালু মিয়ার ছেলে মো. ইব্রাহীম (২১), মৃত আব্দুল মালেকের ছেলে মো. ছাত্তার (৩০), টাঙ্গাইল সদর উপজেলার ধরেরবাড়ী গ্রামের আদম আলীর ছেলে হুমায়ুন (৩৫) এবং ভূঞাপুর উপজেলার মেঘার পটল গ্রামের আমিনুলের ছেলে মো. মিলন (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীতে তাদের চলাফেরা ও গতিবিধি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা ডাকাত দলের সদস্য বলে সন্দেহ হয়। এ সময় তাদের কাছে দেশীয় অস্ত্র পাওয়া যায়, যা দিয়ে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়রা ভূঞাপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান জানান, ভোরের দিকে কুকাদাইর উত্তরপাড়া এলাকায় পাঁচজন ব্যক্তির সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে।
তিনি আরো জানান, আটক ব্যক্তিরা একটি ডাকাত দলের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/ র.ই