বিএনপির গণসংযোগস্থলে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি গণসংযোগে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিবর্ষণে সরোয়ার হোসেন বাবলা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে নগরের বায়েজিদ থানার চাইল্লাতলী এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিএনপি বলছে, সরোয়ার তাদের কেউ নন। জনসংযোগে শত শত লোক অংশ নেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির গণমাধ্যমকে বলেন, গুলিতে আহত সরোয়ার মারা গেছেন।
এর আগে বিকেলে চাইলতাতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপির প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। বর্তমানে তিনি নগরের বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
এদিকে, বিএনপি নেতা এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ডে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করছেন।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিকেলে গুলশালে বিএনপির চেয়েরপারসনের কার্যালয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে এরশাদ উল্লাহর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভোরের আকাশ/এসএইচ