কালিয়ায় মেহগনি বাগান থেকে বন্দুক উদ্ধার

নড়াইলের কালিয়ায় একটি মেহগনি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি একনালা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার রঘুনাথপুর গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গামছায় মোড়ানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলীর নেতৃত্বে পুলিশের একটি দল রঘুনাথপুর গ্রামের একটি মেহগনি বাগানে অভিযান চালায়। এ সময় বাগানে তল্লাশি চালিয়ে গামছায় মোড়ানো অবস্থায় একটি বিদেশি একনালা বন্দুক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অস্ত্রটি কে বা কারা সেখানে রেখে গেছে এবং এর সঙ্গে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস আলী জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/সু.পা