ডিবি পরিচয়ে প্রতারণার অভিযোগে খাগড়াছড়িতে কনস্টেবল আটক

জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), খাগড়াছড়ির তথ্যের ভিত্তিতে ডিবি (গোয়েন্দা) পুলিশের সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সে কর্মরত এক কনস্টেবল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি শহরের পানখাইয়া পাড়া সড়কের দার আল হিজাজ আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় প্রায় এক মাস ধরে এক নারীকে সঙ্গে নিয়ে অবস্থান করা এক যুবককে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত হয়। আটক ব্যক্তি মো. শিমুল হোসেন, কনস্টেবল (নং-১৫১৬), বিপি নং-৯৭১৬১৯০৬৯৫। তিনি খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সে কর্মরত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৬ সালের ১৯ মে কুষ্টিয়ায় একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সের রিজার্ভ ইন্সপেক্টর (সশস্ত্র) মো. আইয়ুব আলীর অনুমতি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন শিমুল হোসেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি আর কর্মস্থলে ফিরে যোগদান করেননি।
পুলিশ জানায়, কর্মস্থলে যোগদানের জন্য তার স্থায়ী ঠিকানায় বিভাগীয়ভাবে একাধিকবার নোটিশ ও চিঠি পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি। পরে তাকে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত (গরহাজির) হিসেবে দেখানো হয় এবং প্রাথমিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তার বেতন-ভাতা বন্ধ রাখা হয়।
স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে শিমুল নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাতেন এবং নানা কৌশলে অর্থ আদায়ের চেষ্টা করতেন। তার বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বর্তমানে শিমুল হোসেন পুলিশের হেফাজতে রয়েছেন। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে অভিযোগের বিস্তারিত, প্রতারণার ধরন এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না—তা নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
ভোরের আকাশ/সু.পা