মিথ্যা অপবাদের বিচার দাবিতে ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে রাজমিস্ত্রী ঠিকাদার মো. জসিমউদ্দীনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার ধনিয়া ইউনিয়নের দরিরাম শংকর গ্রামের বাসিন্দারা এ কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন মো. ফিরোজ আলম, আবুল কালাম, আবুল কাশেম, মো. সবুজ, মো. ইউসুফ হোসেন, মো. নজরুল ইসলাম, রিনা আক্তার, শাহিদা বেগম ও শাহনাজ পারভীনসহ স্থানীয়রা।
বক্তারা দাবি করেন, রাজমিস্ত্রী ঠিকাদার মো. জসিমউদ্দীন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। এতে একটি স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও সম্মানহানির উদ্দেশ্যে নারী কেলেঙ্কারির অভিযোগ ছড়িয়েছে।
তারা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে এক নারীকে ব্যবহার করে জসিমউদ্দীনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি ছিল। পরে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল বের করে ঘটনার বিচার দাবি করেন।
উল্লেখ্য, গত ২৫ জুলাই জসিমউদ্দীনের বিরুদ্ধে তার এক আত্মীয়ের স্ত্রীকে নিয়ে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে। তবে ওই অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন তিনি ও তার সমর্থকরা।
ভোরের আকাশ/এনএ