৫ দিন ধরে নষ্ট সাউথইস্ট ব্যাংকের এটিএম বুথ, ভোগান্তিতে গ্রাহক

রাজবাড়ী শহরের পান্নাচত্বর এলাকায় সাউথইস্ট ব্যাংকের এটিএম বুথ গত ৪/৫ দিন ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে। ২৪ ঘণ্টা সেবা দেওয়ার কথা থাকলেও এটিএমটির কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন ব্যাংকের গ্রাহকরা।
স্থানীয় গ্রাহকরা জানান, জরুরি প্রয়োজনে টাকা উত্তোলনের জন্য তারা নিয়মিত পান্নাচত্বরের ওই এটিএম বুথটি ব্যবহার করেন। কিন্তু কয়েকদিন ধরে এটিএমটি অচল থাকায় টাকা তুলতে তাদের অন্য এলাকার বুথে যেতে হচ্ছে। এতে সময় ও অতিরিক্ত যাতায়াত খরচের পাশাপাশি নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
গ্রাহকদের অভিযোগ, এটিএমটি নষ্ট হওয়ার বিষয়টি ব্যাংক কর্মকর্তাদের একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত এটি সচল করার জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এদিকে, ২৪ ঘণ্টা সেবা দেওয়ার কথা থাকলেও দিনের পর দিন এটিএম বুথটি বন্ধ থাকায় ব্যাংকের সেবার মান নিয়েও প্রশ্ন তুলেছেন গ্রাহকরা। দ্রুত এটিএম বুথটি মেরামত করে পুনরায় সচল করার দাবি জানিয়েছেন তারা।
ভোরের আকাশ/ এনউব