সিদ্ধিরগঞ্জে লেকপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তপন শীল (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে নাসিক ১নং ওয়ার্ডর সিদ্ধিরগঞ্জ পুল এলাকার পাগলাবাড়ী সংলগ্ন ডিএনডি লেকপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মত সকালে হাঁটতে বের হওয়া এক ব্যক্তি লেকপাড়ের পশ্চিম পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত তপন শীল সিদ্ধিরগঞ্জের মিজমিজি আলআমিন নগর এলাকা বাসিন্দা। তিনি স্থানীয় একটি সেলুনে কাজ করতেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায়।
স্থানীয়দের দাবি, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর বুধবার (২ সেপ্টেম্বর) রাতে তপন শীল বাড়িতে ফেরেননি। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে তিনি কীভাবে মারা গেছেন, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক বলেন, ‘মরদেহটি থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।