পীরগঞ্জে গাছে ঝুলছিল ট্রাক চালকের মরদেহ

রংপুরের পীরগঞ্জে একটি কাঁঠালগাছ থেকে এক ট্রাকচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার(১২ অক্টোবর) সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের আব্দুল্যাহ্পুর গ্রামের পূর্বপাড়া বিলের ধারের একটি কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত ট্রাকচালকের নাম ফারুক মিয়া (৩০) তিনি ওই গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা আইয়ুব আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে এলাকাবাসী কাঁঠালগাছে মরদেহটি ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পীরগঞ্জ থানা-পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল করে থানায় নিয়ে আসে।
পীরগঞ্জ থানার ওসি নজমূল হক জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ভোরের আকাশ/ এনউব